শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, 'এখন থেকে আর যেখানে-সেখানে শিল্প-কারখানা স্থাপন করতে দেওয়া হবে না। নতুন স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে পরিবেশবান্ধব হয় সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।' বৃহস্পতিবার গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত ম্যাকডোনাল্ড স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ফ্যাক্টরির উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন, যাতে কোনো কৃষি জমি নষ্ট না হয়।' কৃষি জমির উপর শিল্প কারখানা নির্মাণ নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। নবনির্মিত এই স্টিল ফ্যাক্টরিতে ঢাকা মেট্রো রেলের স্টেশনসমূহের স্টিল স্ট্রাকচার নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, 'বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য উৎপাদন করেছে। খুব শীঘ্রই বাংলাদেশী পণ্য বিশ্ববাজারে নেতৃত্ব দেবে।' শিল্প প্রতিমন্ত্রী এসব খাতে ম্যাকডোনাল্ডসহ অন্যান্য স্বনামধন্য দেশী ও বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ১০০টি অর্থনৈতিক অঞ্চল ও নতুন নতুন শিল্পনগরী স্থাপন করে সেখানে সকল শিল্পকারখানা পর্যায়ক্রমে পুনঃস্থাপন করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার কামাল বলেন, 'ঢাকা মেট্রো রেলের ১৬টি স্টেশনের স্ট্রাকচারের ১২টি এই প্রতিষ্ঠান নির্মাণ করবে। ইতিমধ্যে তিনটি স্টেশনের স্ট্রাকচারের কাজ সমাপ্ত হয়েছে। জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির উপর একটি বৃহৎ স্টিল কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে।'
আরও পড়ুন: চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে টাস্কফোর্স গঠন করা হবে: শিল্পমন্ত্রী
এর আগে শিল্প প্রতিমন্ত্রী ম্যাকডোনাল্ড স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ফ্যাক্টরির ফলক উন্মোচন এবং বাটন চেপে স্টিলের পাইপ কাটিংয়ের মাধ্যমে এই ফ্যাক্টরির উদ্বোধন করেন। তিনি কারখানায় স্থাপিত ইউরোপ ও আমেরিকা থেকে আমদানিকৃত হেভি ডিউটি বেন্ডিং মেশিন ও থ্রিডি পাইপ কাটিং মেশিনসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতির কার্যক্রম পরিদর্শন করেন এবং এসকল যন্ত্রপাতির সক্ষমতা ও দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ম্যাকডোনাল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার কামাল, গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফিরোজ আহমেদ, সিইও সৈয়দ আহমেদ এবং ঢাকা মেট্রো রেলের কন্ট্রাক্টর প্রতিষ্ঠান নুপাসপাথ।
ইত্তেফাক/জেডএইচডি
