জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পথে-প্রান্তরে পদযাত্রা করতে গিয়ে হামলা, বাধা, নিপীড়নের মুখেও থামিনি। জনস্রোত থামানো যায়নি, পদযাত্রাও থামেনি। ইনশাল্লাহ, আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকায় এনসিপির পক্ষে মানুষের এই ঢল থামানো যাবে না।'
বুধবার (৩০ জুলাই) রাতে আশুলিয়ার বাইপাইলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় সাভার ও আশুলিয়া ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধ কেন্দ্র। 'এখানকার ছাত্র-জনতা বুক চিতিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, গাজীপুর, টঙ্গী—সব জায়গার প্রতিরোধই ঢাকাকে সুরক্ষিত রেখেছিল, সাহস জুগিয়েছিল রাজধানীর মানুষকে।'
নাহিদ ইসলাম বলেন, 'ঢাকা জেলার পাঁচটি উপজেলা—বিশেষ করে সাভার ও আশুলিয়া—দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ এই এলাকাগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। রয়েছে শ্রমজীবী মানুষের বিশাল একটি অংশ, যারা বারবার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, রাজপথে বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে।'
তিনি জানান, 'আমরা সেই শ্রমিকদের পাশে আছি। তাদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব। পাশাপাশি সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা জেলা শাখার নেতা মেহরাব সিফাত। উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় সদস্য ডা. তাসনীম জারা, আসাদুল ইসলাম মুকুলসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
