ভারতকে 'মৃত অর্থনীতি' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করে বৃহস্পতিবার (৩১ জুলাই) বলেছেন, ট্রাম্পের বিবৃতি বিশ্বব্যাপী এমন একটি সত্যকে প্রতিফলিত করে, যা কেবল ভারত সরকারই স্বীকার করে।
আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের ঘোষণা ঘিরে দেশটিতে বিরোধী দলগুলোর ক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলগুলো এই শুল্ককে ভারতের জন্য 'কূটনৈতিক ব্যর্থতা' হিসাবে বর্ণনা করেছে। এমনকি শুল্কের খবরের প্রতিক্রিয়ায় রুপির মান কমে এসেছে।
বৃহস্পতিবারও ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, 'ভারত রাশিয়ার সঙ্গে কী করে, তাতে আমার কিছু যায় আসে না। তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করে দিতে পারে।' তিনি বলেন, 'আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি, তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ।'
এর প্রতিক্রিয়ায় ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, 'হ্যাঁ, তিনি (ট্রাম্প) ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই এটা জানেন। সবাই জানেন যে, ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। আমি খুশি যে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য বলেছেন...।
তিনি আরও বলেন, 'সমগ্র বিশ্ব জানে যে, ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। বিজেপি আদানিকে সাহায্য করার জন্য অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।'
পৃথকভাবে এক্স-পোস্টেও রাহুল মোদির বিরুদ্ধে ভারতীয় অর্থনীতিকে 'হত্যা' করার অভিযোগ করেন। তিনি বলেন, 'ভারতীয় অর্থনীতি মৃত। মোদি তা হত্যা করেছেন।'
ভারতীয় অর্থনীতি ধ্বংসের কারণ হিসেবে রাহুল উল্লেখ করেন, আদানি-মোদি অংশীদারিত্ব, নোট বাতিল এবং ত্রুটিপূর্ণ জিএসটি, 'ভারতে সমাবেশ' ব্যর্থ, এমএসএমই নিশ্চিহ্ন এবং কৃষকরা পিষ্ট।
কংগ্রেস নেতা পোস্টে উল্লেখ করেছেন, 'কোনো চাকরি না থাকায় মোদি ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন।'
ভারতীয় আমদানির ওপর ট্রাম্পের ২৫% শুল্ক ঘোষণার পর ভারত সরকারের অর্থনৈতিক নীতির ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে রাহুল গান্ধীর এসব বক্তব্য এলো।

