চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পতাকা বৈঠকের পর বিভিন্নভাবে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার সময় তাদের হস্তান্তর করা হয়। তারা ৩ মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দী ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নিকট শূন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকের পর বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ, বিজিবি'র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরা এদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
