ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ছাদ ধসে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই ভবনে ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ করে ছাদটি ধসে পড়ে নিচে থাকা শ্রমিকরা চাপা পড়ে যান।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে চারজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, দুর্ভাগ্যজনক এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রকৃত কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হবে।
