বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলার একটি দামি ব্যাগ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাগটিতে প্রায় ৭০ লাখ রুপির গয়না ছিল বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে যান উর্বশী। সেখান থেকে ফেরার পথে গ্যাটউইক এয়ারপোর্টে চুরির এ ঘটনা ঘটে। অভিনেত্রীর ভাষ্য, ব্যাগটি ছিল বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওর-এর এবং তাতে থাকা ছিল মূল্যবান গয়না ও ব্যক্তিগত জিনিসপত্র।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উর্বশী সামাজিক মাধ্যমে লেখেন,'আমি এমিরেটস এয়ারলাইন্সের একজন প্ল্যাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে ভ্রমণ করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে গ্যাটউইক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট থেকে আমার ব্যাগ চুরি হয়ে গেছে। অথচ ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট ছিল। এ ধরনের নিরাপত্তা হীনতা চরম উদ্বেগজনক।'
উল্লেখ্য, উর্বশী রাউতেলা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন। কখনো তাঁর পোশাক, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য তাকে নিয়ে ভাইরাল করে তোলে। সম্প্রতি 'লাবুবু' পুতুল লাগানো ব্যাগ নিয়ে নেটদুনিয়ায় আলোচনায় ছিলেন তিনি। এবার সেই বহুল আলোচিত ব্যাগ চুরির ঘটনায় ফের শিরোনামে এলেন এই বলিউড অভিনেত্রী।
এ বিষয়ে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
