বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ড, হবিগঞ্জ জেলা অন্ধকারে

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২১:৪২

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ কেভি সুইচিং স্টেশনের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) ও ব্রেকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সুইচিং স্টেশনের সিটি ও ব্রেকারে আগুন ধরে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয়। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হবিগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়।

ঘটনার পর থেকেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপরতা শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীরা। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে।

ইত্তেফাক/এএইচপি