ভুল অপারেশনে প্রসূতি মা ও শিশুর মৃত্যু, দুইজন গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:১০

নোয়াখালীর সেনবাগে ভুল অপারেশনে প্রসূতি মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে পৌর শহরের দি নিউ সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে গত বুধবার দিবাগত রাতে। এ ঘটনায় প্রসূতি মায়ের লাশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের মালিকের ভাইসহ দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার তার লাশ নোয়াখালী সদন হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হাসপাতাল মালিক সোহেলের ছোট ভাই এবং সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫) ও  পরিচালক উপজেলার কাবিলপুর গ্রমের মাহমুদুল হকের ছেলে আমিরুল ইসলাম (৩১)।

পুলিশ জানায়, বুধবার বিকাল ৪ টার দিকে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মো. রিপনের স্ত্রী বিবি কুলসুম (১৯) প্রসব ব্যাথা নিয়ে সেনবাগ পৌর শহরের দি নিউ সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। গর্ভবতী ওই নারীকে রাত ১০টার দিকে অপারেশন করার জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এ সময় ভূল সিজার করা প্রসূতি মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

এ সময় হাসপাতাল মালিক একটি মাইক্রোবাস যোগে ওই প্রসূতি মাকে দুইজন নার্স দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য প্রেরণ করেন। পথিমধ্যে ফেনীতে তার মৃত্যু হয়। 

রোগীর স্বজনদের অভিযোগ, কোনো অভিজ্ঞ ডাক্তার না থাকায় মালিক পক্ষের লোকজনই অপারেশন করা শুরু করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ফোনের সূত্র ধরে সেনবাগ থানার এসআই সৌমজিৎ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে রাতেই লাশ উদ্ধার ও অভিযুক্ত হাসপাতালের দুই মালিককে আটক করে। 

বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকরা দি নিউ সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের মালিক পক্ষের কাউকে পায়নি। তবে তাদের দায়িত্বশীল একটি সূত্র জানায়, অপারেশন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার মঞ্জুরুল হক। এনেসথিয়া কে দিয়েছে সে বিষয়ে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেনি। তবে, এব্যাপারে ডাক্তার মঞ্জুরুল হকের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিকালে ইত্তেফাককে বলেন, ‘ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তের জন্য ওসি তদন্ত  মো. আলী পাটোওয়ারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ঝিনাইগাতীতে স্ত্রীকে হত্যাচেষ্টা, স্বামী গ্রেফতার

উল্লেখ্য, সম্প্রতি এ হাসপাতালের বৈধ কাগজপত্র ও অব্যবস্থাপনার দায়ে জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশি হাজার টাকা জরিমানা আদায় করেছিলো।

ইত্তেফাক/নূহু