গিলের জোড়া রেকর্ডের দিনে নায়ারের ফিফটি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৩:৩২

ওভালে প্রথম শ্রেণির সর্বশেষ ২১টি ম্যাচে টসে জিতে কেউ ব্যাটিং নেয়নি। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপও সে ধারা বজায় রেখে বল হাতে তুলে নিয়েছিলেন। মেঘলা আকাশের সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ড পেয়ে গেছে দিনের সেরা সুফল।

‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’র পঞ্চম ও শেষ টেস্টে প্রথম দিনে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছে ইংলিশ পেসাররা। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা হয়েছে মাত্র ৬৪ ওভার। তাতে ভারতের সংগ্রহ ২০৪ রান। দিন শেষে অপরাজিত আছেন করুন নায়ার (৫২) ও ওয়াশিংটন সুন্দর (১৯)।

দিনটি স্মরণীয় হয়ে থাকল ভারত অধিনায়ক শুবমান গিলের জন্য। ৩৫ বলে ২১ রানের ইনিংস খেলার পথেই গড়েছেন দুটি নতুন রেকর্ড:

  • সেনা দেশগুলোতে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান (৭২৩), যা গ্যারি সোবার্সের ৫৯ বছরের পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেছে।

  • ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান (৭৩৩), ভেঙেছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড।

তবে গিলের এই রেকর্ডগড়া ইনিংস থেমেছে দুর্ভাগ্যজনকভাবে—রান আউটে। গাস অ্যাটকিনসনের ডেলিভারিতে সামনে খেলে দ্রুত এক রান নিতে গিয়ে পেছনে ফেরা হয়নি, অ্যাটকিনসন নিজেই স্টাম্প ভেঙে দেন।

ভারত দিনের প্রথম সেশনে হারায় ২ উইকেট, তৃতীয় সেশনে আরও ৩টি। তবে শেষ দিকে নায়ার ও সুন্দর মিলে ভারতের ইনিংস টেনে ধরেন। বিশেষ করে, সিরিজে আগের ছয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করা করুন নায়ার ফিফটি করে বড় দায়িত্ব নিয়েছেন।

ইত্তেফাক/এএম