পাবনার চাটমোহরে যুবদল নেতার বিরুদ্ধে ঋণখেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্ত লোকমান ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।ব্যাংকটির শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে আহত অবস্থায় পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান। এই ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি ঋণ নবায়ন করেন না। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারে। সেই হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা করে।
এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর চালান তিনি। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়। ঘটনার পর স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, লোকমান হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণসংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বারবার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোকমান হোসেনের দলীয় পদবি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষকে আইনি সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার