জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগে অবরোধ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৩:৪২

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝুম বৃষ্টির মধ্যেও শুক্রবারও (১ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার সারারাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। এতে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জরুরী কাজে বের হওয়া মানুষ। 

অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, বৃষ্টির মধ্যেও তারা সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে সড়কের চারদিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীরা জানান, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল সারারাত শাহবাগ সড়কে অবস্থান করেছেন অবরোধকারীরা। আজ দুপুর পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। বৃষ্টির মধ্যেই তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে,বৃহস্পতিবার জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, জুলাই সনদ ঘোষিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।এ দিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ ও এর আশপাশের এলাকা ঘুরে বিক্ষোভকারীদের অবস্থান এবং এ কর্মসূচি ঘিরে মানুষের ভোগান্তি লক্ষ করা যায়। 

অবরোধকারীদের দাবি
অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা; আহত ব্যক্তিদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহত ব্যক্তিদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

ইত্তেফাক/এনটিএম