বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত। তিনি নানা বাড়িতে থেকেই বড় হচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রাফসান বাড়ির উঠানে খেলছিল। অনেকক্ষণ ধরে তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, রাফসান খেলতে খেলতে পুকুরে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এএইচপি