ইনস্টাতে রহস্যময় পোস্ট, রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন সালমান!

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:৪১

গ্ল্যামার দুনিয়ার সঙ্গে রাজনীতির সম্পর্ক নতুন কিছু নয়। অতীতে গ্ল্যামার দুনিয়ার একাধিক ব্যক্তিত্বকে রাজনীতির অঙ্গনে পা রাখতে দেখা গিয়েছে। সুনীল দত্ত থেকে হেমা মালিনী, জয়া বচ্চন থেকে জয়াপ্রদা- উদাহরণ খুঁজলে এই ট্রেন্ডে গা ভাসানো একাধিক সেলিব্রিটির নাম উঠে আসে। এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান? সম্প্রতি সেই জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। 

ভারতের মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন যখন বেশ সরগরম, তখন বলিউডের ‘ভাইজান’-এর একটি রহস্যময় পোস্ট নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, বলিউডের ‘ভাইজান’ এবার হয়তো রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সালমান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন। অ্যানিমেটেড ওই ছবিতে সালমানের মুখ দেখা না গেলেও, তার হাতে থাকা বিখ্যাত নীল ব্রেসলেটটি সহজেই চেনা যায়।

সালমান খান। ছবি: সংগৃহীত

ছবিতে তাকে হাতজোড় করে একজন রাজনীতিবিদদের মতো পোজ দিতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ এই পোস্টের পরপরই জল্পনা শুরু হয়, সালমান কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন?

তবে ভক্তদের সেই কৌতূহল বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই জানা যায়, সালমানের এই রহস্যময় পোস্ট আসলে তার আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। জিও হটস্টার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘বিগ বস ১৯’ -এর একটি টিজার প্রকাশ করেছে, যেখানে সালমানকে ঠিক একই পোশাকে দেখা গেছে।

টিজারে সালমানকে বলতে শোনা যায়, ‘বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এই ঘোষণা নিশ্চিত করে যে, সালমান কোনো রাজনৈতিক ময়দানে নামছেন না, বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে নতুন চমক নিয়ে আসছেন।

বলা দরকার, আগামী ২৪ আগস্ট থেকে জিও হটস্টার এবং কালার্সে ‘বিগ বস ১৯’ সম্প্রচারিত হবে। জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০টা ৩০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তবে এবারের শোতে কোন কোন তারকা প্রতিযোগী হিসেবে থাকছেন, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তার অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।

ইত্তেফাক/এসএ