যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইউক্রেনকে আরও ‘প্যাট্রিয়ট’ দেবে জার্মানি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৮:০৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে ইউক্রেনে আরও 'প্যাট্রিয়ট' প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি। শুক্রবার (১ আগস্ট) বার্লিন জানিয়েছে, তারা ইউক্রেনকে নতুন করে দুটি প্যাট্রিয়ট সিস্টেম দেবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। বার্লিন প্রথমে কিয়েভকে লঞ্চার এবং তারপর অতিরিক্ত প্যাট্রিয়ট সিস্টেম উপাদান সহায়তাও দিতে পারে।

রয়টার্স জানিয়েছে, জার্মান সেনাবাহিনী প্রাথমিকভাবে আগামী কিছুদিনের মধ্যে ইউক্রেনে অতিরিক্ত প্যাট্রিয়ট লঞ্চার সরবরাহ করবে। তারপর দুই বা তিন মাসের মধ্যে অতিরিক্ত সিস্টেম উপাদান হস্তান্তর করা হবে। বিনিময়ে বার্লিন যুক্তরাষ্ট্র থেকে দ্রুত গতিতে নতুন প্যাট্রিয়ট সিস্টেম পাবে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ইউক্রেনজুড়ে বিমান হামলা তীব্র করায় এবং প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ধ্বংস করতে কার্যকর প্রমাণিত হওয়ায়' ইউক্রেনের বিমান প্রতিরক্ষার চাহিদা আরও জরুরি হয়ে উঠেছে।

জার্মানি ইতিমধ্যেই ইউক্রেনে তিনটি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহ করেছে এবং শুক্রবার বলেছে, অতিরিক্ত সিস্টেম পাঠানোর ফলে ন্যাটো প্রতিরক্ষা জোটে তাদের অবদানের ওপর কোনো প্রভাব পড়বে না।

ইত্তেফাক/এসকে