মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক পুলিশ কনস্টেবল জিলু মিয়া (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু মিয়া গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শওকত হোসেন জানান, নিহত জিলু মিয়া নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। ছুটিতে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জিলু মিয়া রাস্তায় ছিটকে পরে মারাত্মক আহত হন। পরে তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মরদেহ এখনো ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।
