মিনি ট্রাকে উচ্চ শব্দে গান, ৫৭ কিশোর আটক

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৮:৫২

নাটোরের গুরুদাসপুরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে চলা একটি মিনি ট্রাক থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার খুবজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ৫০ জনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি ৭ জনকে মাদকসহ আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক ৫৭ জনই নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা। তারা মিনি ট্রাকে করে চলনবিলের বিলশায় যাচ্ছিল ডিজে পার্টি করার উদ্দেশ্যে। পথে খুবজীপুর এলাকায় উচ্চ শব্দে গান বাজানোর সময় সেনাবাহিনীর একটি টহলদল ট্রাকটি আটকায়।

তল্লাশিতে ৭ জনের কাছ থেকে ৪ লিটার চোলাই মদ, ১ লিটার ভটকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। এরপর তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক জানান, আটককৃতদের বেশিরভাগের বয়সে কিশোর। আটক ৫৭ জনের মধ্যে ৫০ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ৭ জনের কাছ থেকে মাদক উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি