বিএনপি নেতা দুলু

‘সকল রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৯:০০

সকল রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের নিহত শহীদদের স্মরণে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দুলু বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের সকল বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজে মুখে বলেছিল ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন তা ভুলতে পারবে না। ভবিষ্যতে আবার কখনো সুযোগ পেলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। তাই দেশের সকল মানুষকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। সাড়ে ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে ভিন্ন মতের মানুষের উপরে আওয়ামী লীগ কেমন নিপীড়ন নির্যাতন জুলুম করেছে দেশের মানুষের তা ভুলে গেলে চলবে না।

জুলাই বিপ্লবের মানুষ স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়েছে উল্লেখ করে দুলু বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সভা সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।’ 

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ। 

ইত্তেফাক/এমএএস