গত বুধবার রাশিয়ার শান্ত মহাসাগরীয় উপকূলবর্তী কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই পেরুর সরকার সুনামির সতর্কতা জারি করে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটির ১২১টি বন্দরের মধ্যে ৬৫টি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাইরে থাকা মানুষদের সমুদ্রতীরবর্তী এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছিল। খবর ডেইলি মেইল।
টেলিভিশনে এমন সর্তকতা বার্তা দেখার পর দেশটির রাজধানী লিমার এক বয়স্ক মহিলা দ্রুত সাজগোজ করে নাতিকে নিয়ে চললেন সুনামি দেখতে। তিনি এমন জায়গায় গেলেন যেখান থেকে সমুদ্র দেখা যায়।
‘লাতিনা নোটিশাস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনো সুনামি দেখিনি। তাই দেখতে চেয়েছিলাম। আমি আমার নাতিকেও নিয়ে এসেছি যাতে সে দেখতে পারে এবং শিখতে পারে।’
ভয় পেয়েছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সর্তকবার্তায় যা বলেছে তা সর্তকতামূলক, উচ্চ ঝুঁকি নয়। এটা একটি সতর্কতার অংশ। তবে আমরা জানি না ঢেউগুলো কত উঁচু হতে পারে।’
দুর্যোগকালীন সময় তার উল্লসিত বা অবিচল প্রতিক্রিয়া ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, বুধবার (৩০ জুলাই) সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা এনওএএ (ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। মূলত ভূমিকম্পের এই মাত্রার কারণে সমুদ্রের গভীর অংশে বিশাল ঢেউ উঠে বিভিন্ন উপকূলীয় এলাকা বিপন্ন হওয়ার আশঙ্কা করা হয়।

