টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। দীর্ঘ এক দশক পর উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়ছেন এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই ইতি টানবেন সন।
জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
টটেনহাম ছাড়ার ঘোষণা দিয়ে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহাম ছেড়ে কোথায় যোগ দেবেন সে বিষয়ে কিছুই বলেননি সন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’ ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে আগ্রহী।
সংবাদ সম্মেলনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন সন। টটেনহামের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’

