ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের সাজা হতে পারে হাকিমির

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৪:২০

ধর্ষণের অভিযোগে ফেঁসে যেতে পারেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন ফরাসি প্রসিকিউটররা।

তদন্তকারী বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তের পরই নির্ধারিত হবে এই পিএসজি তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে কি না। হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের সাজা হতে পারে বলে জানা গেছে। 

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্যারিসের বাসায় ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে জানাশোনা হওয়ার পর হাকিমি তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানান এবং গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন। এরপর সম্মতি ছাড়াই হাকিমি তাকে স্পর্শ করেন এবং ঘনিষ্ঠ হন। ঘটনার পর তিনি একজন বন্ধুকে বার্তা পাঠিয়ে সহায়তা চান এবং পরদিন পুলিশকে অবহিত করেন।

হাকিমিকে একই বছরের ৩ মার্চ ফ্রান্সের ‘ফরমাল ইনভেস্টিগেশন’-এর আওতায় আনা হয়, যা মূলত অভিযোগ গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত। অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন মরক্কো তারকা এবং দাবি করেছেন, পুরো ঘটনাটি ছিল পারস্পরিক সম্মতিতে।

Morocco's Achraf Hakimi Named Top African Player in France League

হাকিমির আইনজীবী ফানি কোলিন বলছেন, ‘এই অনুরোধ প্রমাণের আলোকে সম্পূর্ণ অসঙ্গত ও অযৌক্তিক। তদন্তে অভিযোগকারীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। আমরা বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেই সব আইনি পদক্ষেপ নেব।’

অভিযোগকারী নারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পারডো জানিয়েছেন, প্রসিকিউশনের এই অনুরোধ তার মক্কেলের জন্য ‘বেশ স্বস্তির’ এবং এটি বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে।

ইত্তেফাক/জেডএইচ