ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ১ আগস্ট থেকে নির্দিষ্ট পণ্যের ওপর ৫০% মার্কিন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় 'যথাযথ প্রতিক্রিয়া' জানাতে কাজ করছে দেশটি। শনিবার (২ আগস্ট) প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ কথা বলেছেন।
এক্স-পোস্টে তিনি বলেন, 'আমরা সবসময় সংলাপের জন্য উন্মুক্ত ছিলাম। আমরা এখন মার্কিন শুল্ক ব্যবস্থার প্রতিক্রিয়া জানাতে কাজ করছি।'
লুলা আরও উল্লেখ করেন, দেশের পথ নির্ধারণের অধিকার শুধুমাত্র ব্রাজিলের নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোরই রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এটি নির্ধারণ করবে নাগরিক এবং প্রতিষ্ঠানগুলো।
বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে ব্রাজিলের পণ্য আমদানির ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ওয়াশিংটন যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে, তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন।
