সবুজবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭:৩২

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইয়াকুব আলী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার বাবা রাস্তা পার হচ্ছিলেন, তখন পেছন থেকে হঠাৎ একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাবা আর বাঁচলেন না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানায় জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এমএএস