একদম সরাসরি তেমন কিছু না বললেও নিজের ক্যারিয়ারের এক রকম বাজে সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইতিমধ্যে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। বিশ্বকাপে আশানুরূপ পারফর্মেন্স না থাকায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সর্বশেষ ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে পড়লেন তিনি।
সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ভক্ত এবং ক্রিকেট প্রেমীদের নানা আলোচনা আর সমালোচনার মুখে পড়লেও শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ভাবছেন অন্য কথা। বাংলাদেশের জন্য 'সর্বদা বিশেষ কিছু' আখ্যা দিয়ে মাশরাফি বিন মর্তুজার প্রশংসা করে শ্রীলংকান ফাস্ট বোলা লাসিথ মালিঙ্গা বলেছেন, 'টাইগার অধিনায়কের আরও কয়েক বছর দেশকে সেবা দেওয়ার সক্ষমতা আছে।' বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অধিনায়ক মাশরাফিকে এই পরামর্শ দেন।
মালিঙ্গা জানান, মাশরাফির এখনই অবসর নেওয়া উচিত এমন ধারণার সঙ্গে একমত নন তিনি।তিনি বলেন, 'আপনাকে বুঝতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে ভাল করতে হয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু করেছেন। আমার মনে হয় তিনি আরও এক থেকে দেড় বছর বাংলাদেশের হয়ে খেলতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি বিশেষ কিছু করেছেন।'
ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাদামাটা পারফরমেন্স করার পরই মাশরাফির অবসর নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছেন ম্যাশ। বাংলাদেশ দলের চলমান শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল মাশরাফির। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সফর থেকে নাম প্রত্যাহার করেন তিনি। পুরো ক্যারিয়ার জুড়েই মাশরাফিকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে প্রতিবারই আরও শক্তিশালী হয়ে ফিরেছেন ম্যাশ।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় সহপাঠীর কাঠের টুকরার আঘাতে শিক্ষার্থী খুন
যদিও মানুষ তার অবসর নিয়ে আলোচনা করছে তবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেননি মাশরাফি। মাশরাফিকে এখনই তার অবসর চিন্তা বাদ দিতে পরামর্শ দেন তিন ম্যাচ সিরিজে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া মালিঙ্গা।
৩৫ বছর বয়সে এখনো বেশ শক্তিশালী মালিঙ্গা। বিশ্বকাপে সাত ম্যাচে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ঝাকড়া চুল ও বিশেষ বোলিং অ্যাকশনের জন্য বিশেষভাবে পরিচিত এ ফাস্ট বোরার। ৩৩৫ উইকেট শিকার করে ওয়ানডে ক্রিকেটে লংকান দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
