পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’-এর শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের অন্যান্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে পুলিশ বলছে লোকমান হোসেন পলাতক।
শুক্রবার (১ আগস্ট) জেলার ফৈলজানা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনেই লোকমান হোসেন লোকজন নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান হোসেন। তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর করেন তিনি।
এ সময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনার পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গত ৩ দিনেও তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে আনীত সকল অভিযোগ অস্বীকার করে লোকমান হোসেন জানান, আমি ব্যাংকে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটাইনি। ম্যানেজার নিজেই এসব করে আমার উপর দোষ চাপিয়েছেন।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে পাবনা জেলা যুবদল।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, লোকমান হোসেন পলাতক। তাকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে আছে। তার মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়টি তার জানা ছিল না। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
