একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়া এবং আইনের অপব্যবহারের অভিযোগে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাগারে আটক রাখার পরিবর্তে তাকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে শুনানির সময় আদালতে সাজার বিস্তারিত পড়ে শোনানো হয়। রায়ে বলা হয়েছে, উরিবেকে ৫ লাখ ৭৮০০০ ডলার জরিমানা এবং আট বছরেরও বেশি সময় ধরে সরকারি পদে নিষিদ্ধ করা হবে।
২০২৬ সালে দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় আগে তাকে এই কারাদণ্ড দেওয়া হলো। উরিবের বেশ কয়েকজন মিত্র এবং সমর্থক শীর্ষ পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এর ফলে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে উরিবকে দোষী সাব্যস্তের বিষয়টিকে 'কট্টরপন্থী বিচারকদের কলম্বিয়ার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার' বলে বর্ণনা করেন। বিশ্লেষকরা বলেছেন, প্রতিক্রিয়ায় মার্কিন সহায়তা হ্রাস করা হতে পারে।
