পাবনায় ব্যাংকে হামলা

আসামি বহিষ্কৃত সেই যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২০:১৪

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’-এর শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের অন্যান্য কর্মীদের মারধর করে আহত করা ও ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফৈলজানা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।

একাধিক সূত্র জানায়, র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে ফৈলজানা থেকেই তাকে গ্রেপ্তার করে। পাশের একটি বাড়িতে সে লুকিয়ে ছিল।

এর আগে, গত শুক্রবার প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে পাবনা জেলা যুবদল।

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএস