ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবারের (১ আগস্ট) এ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে দাবি করেছেন, তারা ‘প্যালেস্টাইন ২’ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা দাবি করে, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। গত মার্চে গাজায় দু’মাসব্যাপী যুদ্ধবিরতি চলাকালে হুথিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল আবারও অভিযান শুরু করায় তারা ফের হামলায় সক্রিয় হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকেও ইয়েমেনের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও বিভিন্ন বন্দর শহরকে লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানা গেছে।
