সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চান্দুরা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা ও হরষপুরের হাজারো মানুষ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের ফলে বিজয়নগর উপজেলার এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিচ্ছিন্ন করে যুক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ চলাকালে চান্দুরা থেকে শাহবাজপুর হয়ে ইসলামপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী এবং পরীক্ষার্থীরা।
বক্তব্য দেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেন, চান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, এনসিপি সদস্য বায়জিদ, সাদ্দাম হোসেন (কাজী শফিকুল ইসলাম কলেজ), বুধন্তি ইউনিয়ন যুবদল সভাপতি কামাল মিয়া, যুবদল নেতা হাসান ভূঁইয়া ও মশু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়ন নিয়ে নেতারা রাজনীতি করে আসছেন। কখনো সরাইল, কখনো নাসিরনগরের সঙ্গে যুক্ত করা হয়। আমরা বারবার কোনো রাজনৈতিক স্বার্থে খেলনার মতো ব্যবহার হতে চাই না। আমরা ১০টি ইউনিয়ন একসঙ্গে থাকতে চাই।
তারা আরও হুঁশিয়ার করে বলেন, আমাদের দাবি মানা না হলে আগামী ৫ আগস্ট বড় সমাবেশ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।
