নাঙ্গলকোট সাবেক ইউপি সদস্যেকে তুলে নিয়ে গুলি করে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:০২

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) রোববার (৩ আগস্ট) দুপুরে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার আলীয়ারা গ্রামের মৃত সুরোজ মিয়ার ছেলে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে আলাউদ্দিন পার্শ্ববর্তী একটি বাড়িতে চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। জানাজা শেষে বাড়ি ফেরার একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। তবে উপজেলার চান্দাইশ এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে অটোরিকশা থেকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা তারেকুল ইসলাম।

স্থানীয়রা জানান, আলীয়ারা গ্রামের ছালেহ আহম্মদ মেম্বার ও আবুল খায়ের মেম্বারের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা, ভাঙচুর ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটেছে। এ নিয়ে চলছে কয়েকটি মামলা

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে এ ঘটনার সত্যতা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনার স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি