শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রম উপদেষ্টা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১:০৪

দেশে শ্রমিকদের জন্য বর্তমান চিকিৎসাব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই হাসপাতালটি ঢাকার আশপাশে নির্মিত হতে পারে, যেখানে সব ধরনের চিকিৎসক ও চিকিৎসাসেবা থাকবে।

রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সাখাওয়াত হোসেন জানান, ইতোমধ্যে জেলা হাসপাতালগুলোতে শ্রমিকদের জন্য আলাদা কয়েকটি বেড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘জানি না আমাদের এই নির্দেশনা মানা হবে কি না। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি সিভিল সার্জনের দপ্তরে পৌঁছেছে কি না, সেটিও অনিশ্চিত।’ তিনি সংশ্লিষ্টদের শ্রমিকদের জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত বেড নিশ্চিত করার আহ্বান জানান।

শিল্প-কারখানায় এবং পরিবহন দুর্ঘটনায় শ্রমিকদের আহত হওয়া এবং সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘শ্রমিকদের চিকিৎসা না দিলে শিল্প চলবে না।’ তিনি আরও বলেন, কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেন না। এমনকি কেউ কেউ শ্রমিকদের দেখভাল না করে দেশ ছেড়ে পালিয়েছেন। 

তিনি জানান, মালিকরা যদি শ্রমিকদের পাওনা পরিশোধ না করেন, তাহলে তাদের কারখানা বন্ধ করে দেওয়া হবে।

সভায় নাটোরের ২২ জন শ্রমিকের হাতে শিক্ষাভাতা ও চিকিৎসাভাতার চেক তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি ট্রেড ইউনিয়ন নেতাদের নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের আহ্বান জানান। ভাতাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন।

ইত্তেফাক/এএম