সন্তান‌দের সামনে ছু‌রিকাঘা‌তে স্ত্রীকে হত্যা, র‌্যা‌বের জা‌লে স্বামী

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৩৫

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

এর আগে রোববার সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কাকলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় মেহেদী হাসান।

অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী দ্রুত এলাকা ছেড়ে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মেহেদী হাসানকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি