টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম 

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:২৫

একটা সময় টেস্ট ক্রিকেটে রাজ করতো বোলাররা। তবে পরিবর্তন এসেছে ক্রিকটের বনেদী এই সংস্করণে। এখন বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন ব্যাটাররা। সদ্য শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্যাটাররা। এতে টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনন্য রেকর্ড হয়েছে এই টেস্ট সিরিজে।

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে দুই দলের মিলিয়ে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটলো।

তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংলিশদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে মাঠে গড়িয়েছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৮৮৪ সালে প্রথমবার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসেবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০-র ওপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০-র ওপর রান করেছিলেন।

এই সিরিজে রানের তালিকায় সবার ওপরে আছেন শুভমান গিল। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন ভারতীয় অধিনায়ক। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় অবস্থানে আছেন জো রুট। তার রান ৫৩৭। কেএল রাহুল করেছেন ৫৩২ রান। চারে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। পাঁচে ঋষভ পান্ত। তিনি ৪৭৯ করেছেন। এ ছাড়া চারশোর বেশি রান রয়েছে ডাকেট, ব্রুক, স্মিথ এবং যশস্বী জয়সওয়ালের।

ইত্তেফাক/জেডএইচ