আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩২ জন গ্রেপ্তার: ডিএমপি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৬

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে সংগঠিত হওয়ার অভিযোগে দলটির ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার ও রোববার (২ ও ৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও কৃষক লীগের নেতারা। এ ছাড়া রয়েছে একাধিক সাবেক নেতা, কেন্দ্রীয় উপকমিটির সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক সংসদ সদস্যের এপিএস।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের অনেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আগেই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারবিরোধী কর্মকাণ্ড, সংঘবদ্ধ হওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার চালানোসহ নানা অভিযোগ রয়েছে।

ডিবির গুলশান, তেজগাঁও, লালবাগ, সাইবার, মিরপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগ ছাড়াও সিটিটিসি এবং বিভিন্ন থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

ইত্তেফাক/কেএইচ