দেউলিয়া হয়ে গিয়েছিলেন রাজেশ—ভাগ্য বদলে দিল ‘সাইয়ারা’

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০:০২

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেশ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান রাজেশ কুমার । কিন্তু কয়েক বছর আগে তিনি বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হন এবং দারিদ্র্যে দিন কাটে। সেই অবস্থা বদলে দেয় পরিচালক মোহিত সুরির ‘সাইয়ারা’। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘একটা সময় আমি দুই কোটি রুপি ঋণে ডুবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে মাত্র আড়াই হাজার রুপি ছিল। তখন মিডিয়ায় ছড়িয়েছিল আমি অভিনয় ছেড়ে কৃষিকাজ করছি। যদিও খবরটি আংশিক সত্য ছিল, তবুও আমি হাল ছাড়িনি। পরিবার ও বন্ধুদের বিশ্বাসের জোরেই ফিরে আসেছি।’ 

‘সাইয়ারা’ ছাড়াও রাজেশ অভিনয় করেছেন ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’সহ একাধিক ছবিতে। ‘সাইয়ারা’ ছবিতে রাজেশ অনিত পদ্দা'র বাবার চরিত্রে অভিনয় করেছেন।  

এই রোমান্টিক মিউজিক্যাল ছবিটি সমালোচক ও দর্শকদের প্রচুর প্রশংসা পায়। এর মাধ্যমে অনিত পদ্দা ও আহান পান্ডে রাতারাতি তারকায় পরিণত হন। ‘সাইয়ারা’ এখন পর্যন্ত ৪৫০ কোটি রুপি আয় করেছে, যা এটিকে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা রোমান্টিক চলচ্চিত্রে পরিণত করেছে।

ইত্তেফাক/এএম/এনজি