নারায়ণগঞ্জের ‘আওয়ামী ক্যাডার’ ম্যাকলিন গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০:৪২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় নারায়ণগঞ্জের সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেপ্তার মেহেদী খন্দকার ম্যাকলিন (৩০) শহরের চাষাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলকে সহযোগিতা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।’

পুলিশের একটি সূত্র জানায়, মেহেদী খন্দকার ম্যাকলিন নারায়ণগঞ্জের দুর্ধর্ষ ‘ক্যাডার’ হিসেবে অধিক পরিচিত। ওই সময় আওয়ামী লীগের এই সন্ত্রাসীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালাতে দেখা গেছে তাকে।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহরে ম্যাকলিন ছিলেন এক ‘আতঙ্কের’ নাম। সাবেক সংসদ সদস্যের ছেলের ঘনিষ্ঠজন হওয়ার কারণে কখনও তার বিরুদ্ধে কেউ কিছু বলত না। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। 

ইত্তেফাক/এমএস