৫ আগস্ট পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণআন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী শাসনব্যবস্থার। এই পরিবর্তন দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন অনেক মানুষ। তবে এটা মানতে নারাজ তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
দেশ নতুন করে স্বাধীন হয়েছে তা প্রতিটি শ্রেণি পেশার মানুষ বুঝতে পারলেও কতিপয় পিএইচডিওয়ালারা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তাহলে কি করে বুঝলো তারা পরাধীন? কি করে বুঝলো তারা স্বাধীন? তারা যেটা বুঝলো, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারলো না কেন? তাদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছেনা কেনো?’
এরপর তিনি লেখেন, ‘মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ওই দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নীচে চাপা পড়ে গেছে ফ্যাসিবাদ আর আগ্রাসনবাদ।’
উপদেষ্টা আরও বলেন, ‘আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারাদিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজার শহীদেরা থাকবেন। আর থাকবেন জালেমমুক্ত হওয়ার আনন্দ।’
সবশেষে তিনি জনপ্রিয় গানের একটি লাইন উল্লেখ করে লিখেছেন, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’।

