বাদীর অনুকূলে হত্যা-চেষ্টা মামলার প্রতিবেদন জমা দিতে বাদীর পরিবারের এক সদস্যের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে রামু থানার এস আই চিরঞ্জীব বড়ুয়ার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে চিরঞ্জীব বড়ুয়া ও বাদীর দেবর সোহেল বড়ুয়ার ঘুষ সংক্রান্ত কথোপকথন ধরা পড়ে।
সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া ঐ অডিওতে চিরঞ্জীবকে বলতে শোনা গিয়েছে, 'তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি। তোমার সাথে যেরকম কথা হবে ঠিক সেরকমই হবে। কালকে সকালের মধ্যে এক জন এর জন্যে ৭০ হাজার এবং দুইজনের জন্যে ১ লক্ষ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও। আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমার টা দেখবা আর আমি সেভাবেই লিখবো।'
মাস কয়েক আগে রামুতে সেফটিক ট্যাংকের ছাঁদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিলো। ঐ ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যা-চেষ্টা মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী জানান, মামলার প্রতিবেদনে প্রকৃত আসামীদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন ন্যক্কারজনক কাণ্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত। এ প্রসঙ্গে চিরঞ্জীবকে কল করা হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়াও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, 'এই মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। সে নির্লজ্জ, ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি।'
ঘুষ দাবীর বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, এসআই চিরঞ্জীবকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
