কাশ্মীর সীমান্তে গোলাগুলির খবর, অস্বীকার ভারতীয় সেনাবাহিনী

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৪২

কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবি করা হচ্ছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি ছুঁড়েছে এবং এর জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা হামলা চালায়। খবর রয়টার্সের।

তবে এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এলওসিতে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর ভাষায়, 'কাশ্মীরের পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো তথ্য নেই, এটি ভুয়া খবর।'

এর আগে হিন্দুস্তান টাইমস, পিটিআই ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে অন্তত ১৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তবে ওই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, 'কয়েকটি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন। এলওসি বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি।'

এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার জেরে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সংঘর্ষে বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

ইত্তেফাক/টিএইচ