নেত্রকোনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৪:৫০

নেত্রকোনার পূর্বধলায় ছুরিকাঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পুরনো বিরোধ থেকেই কাকনকে হত্যা করা হয়েছে।

নিহত কাকন পূর্বধলা উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন কাকন। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা কাকনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কাকনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

ইত্তেফাক/এনএন