ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রয়টার্স জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) ক্রেমলিনে অন্তত ৩ ঘণ্টা ধরে তাদের আলোচনা চলে।
এর আগে ট্রাম্প জানান, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি তিনি নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে, যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রেক্ষাপটে উইটকফ 'শেষ মুহূর্তের মিশনে' মস্কোতে উড়ে যান।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে বৈঠকের শুরুতে পুতিনের সঙ্গে উইটকফের করমর্দনের একটি সংক্ষিপ্ত ক্লিপ দেখানো হয়েছে।
দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা পর আলোচনা শেষ হয়। এরপর উইটকফের মোটর কনভয়কে ক্রেমলিন ছেড়ে যেতে দেখা যায়।
এর আগে রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ উইটকফকে আগমনের সময় অভ্যর্থনা জানান এবং ক্রেমলিনের কাছে একটি পার্কে তারা একসঙ্গে সঙ্গে হাঁটেন। দিমিত্রিভ সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'সংলাপ জয়ী হবে।'
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর বিশেষ চাপ প্রয়োগ করছেন। চীনের সঙ্গে ভারত রাশিয়ার তেলের একটি বিশাল ক্রেতা। ক্রেমলিন বলেছে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি 'অবৈধ'।

