আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই জুলাই মাসে আটক হওয়া বন্দিদের তালিকা তৈরি করা হবে। বুধবার (৬ আগস্ট), বাংলা একাডেমীতে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই কারাবন্দীদের স্মরণ’ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করার চেষ্টা থাকবে- একটি হলও জুলাই বন্দিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা এবং অপরটি কারাবিধির সংস্কার প্রক্রিয়া শুরু করা। যদিও সংস্কার কার্যকর করার সুযোগ না-ও থাকতে পারে, তবে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হবে।'
তিনি আরও বলেন, 'আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ আমাকে প্রদান করে আখতার। যদিও আমি বলেছিলাম, আরও কিছুদিন পরে করতে। কিন্তু ও বলল এখনই করতে। আজ আমি বুঝতে পেরেছি কেন ও এমনটা করেছে। জুলাই কারাবন্দীদের যে কষ্ট-দুঃখ, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও অনেকে।
