বসুন্ধরা কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে কিংসের বিরুদ্ধে ফিফায় নালিশ করেছেন। তিনি তিন মাসের বেতন পাননি। সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা চুক্তি অনুযায়ী দেওয়া হয়নি। এসব না মেনেই কোচকে বিদায় করেছিল বসুন্ধরা কিংস। বিদায়ের সময় মুখ বুজে চলে গেলেও দেশে ফিরে ফিফায় অভিযোগ ঠুকে দিয়েছেন ভ্যালেরি তিতে।
কয়েক দিন আগেই নাকি ভ্যালোরি ফিফায় অভিযোগ করেছেন। আর সে খবর নিজেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গতকাল সকাল থেকেই ভ্যালেরি তিতের অভিযোগ একে একে সংবাদমাধ্যমের হাতে আসতে শুরু করে। তবে ভ্যালেরি তিতের অভিযোগ কানে তুলতে রাজি না কিংস সভাপতি ইমরুল হাসান।
ভ্যালেরি তিতের সঙ্গে কিংসে কাজ করেছেন সহকারী কোচ, তিনিও বিদেশি। সহকারী কোচও নাকি অভিযোগ করেছেন ফিফার টেবিলে। গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপে কথোপকথনে ভ্যালেরি তিতে বলেছেন, 'এটা খুবই দুঃখজনক যে, আমি কখনোই এসব কথা প্রকাশ করিনি। কিন্তু বসুন্ধরা কিংস আমার সঙ্গে যেটা করেছে, তা সম্পূর্ণ অপেশাদারমূলক আচরণ। আমি সত্যি লজ্জিত।'
ভ্যালেরি তিতে জানিয়েছেন, তিনি তিন মাসের বেতন পাননি। তিনি বলেন, 'আমি চার দিন আগে ফিফায় অভিযোগ করেছি। ফিটনেস ট্রেইনারও ফিফায় অভিযোগ করেছেন। শুধু তিন মাসের বেতনই নয়, আরও কিছু রয়েছে এখানে।' কোচ জানিয়েছেন তিনি বেতন পাননি এবং ফিরে যাওয়ার সময় বিমান টিকিটও দেওয়া হয়নি। এমনিভাবে তাকে বের করে দেওয়া হয়েছিল। ভ্যালেরি বলেন, 'নিজেদের টাকায় বিমান টিকিট করে দেশে ফিরেছেন।'
এসব নিয়ে কিংসের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি। তবে কিংসে খোঁজ নিয়ে জানা গেছে, কোচ ভ্যালেরির বিরুদ্ধেও তাদের ক্ষোভ রয়েছে। কিংস কর্তৃপক্ষ কারো বেতন না দেওয়ার পক্ষে নয়। কিংস কর্তৃপক্ষ মাঠের বাইরেও এমন কিছু লক্ষ্য করেছে, যা কিনা তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি।
তার অধীনে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে। মোহামেডানের কাছেই দুইবার হেরেছিল লিগে। এসব নিয়ে ভাবিত না বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, 'খেলার রেজাল্ট নিয়ে ভাবছি না। খেলায় খারাপ রেজাল্ট হতে পারে। আমরা কোচের বায়োডাটা দেখেই নিয়েছি। সেটা নিয়ে কোনো আপত্তি নেই।' এর আগে বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল। এবার সেটা হয়নি।
