কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৩:১৮

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয়জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দুপুর ২টা ১৭ মিনিটে উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে ওই বিমানটি। কিন্তু বিকেল ৩টার দিকে নাইরোবির কাইম্বু অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি থেকে এ তথ্য জানা গেছে।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, 'আমরা পাইলটসহ অন্তত চারজনকে হারিয়েছি। এছাড়া যেসব বাড়িতে বিমানটি আঘাত হেনেছে, সেখান থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।' আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বহু মানুষ জড়ো হয়েছেন এবং চারদিকে ছড়িয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে কেনিয়া রেডক্রস ও অন্যান্য জরুরি সেবাদানকারী দল।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে জানান, 'বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি সোজা একটি আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয়।'

এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ইত্তেফাক/টিএইচ