কোয়াব নির্বাচন সামনে, নারী ক্রিকেটে বৈষম্যের অভিযোগ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৩:৪৪

দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমানে অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৪ আগস্ট অ্যাডহক কমিটির বৈঠক শেষে এই নির্বাচনের দিনক্ষণ জানান আহ্বায়ক সেলিম শাহেদ।

তবে এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে নারী ক্রিকেটে বৈষম্যের অভিযোগ। বাংলাদেশ জাতীয় নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কোয়াবে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তি না থাকা ও তাদের উপেক্ষার বিষয়ে।

নিজের ফেসবুক পোস্টে রুমানা লিখেছেন, ‘বৈষম্য, বৈষম্য আর বৈষম্য। যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা কেন? আমরাও তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে হতাশা প্রকাশ করে রুমানা লেখেন, ‘বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন—WIPL, WBBL, WPSL খেলছে, সেখানে আমরা WBPL নিয়ে আলোচনা করতে করতেই থেমে যাই। বারবার বলা হয় "পরের বছর", কিন্তু কিছুই হয় না। অথচ ছেলেদের BPL এখনো দাঁড়াতে পারেনি—এই দায়ভার কার?’

১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডার আরও লিখেছেন, ‘সম্প্রতি কোয়াব নিয়ে বিসিবিতে বেশ আলোচনা চলছে। সেখানে পুরুষ ক্রিকেটারদের আনাগোনা দেখা গেলেও, কোনো নারী ক্রিকেটারের উপস্থিতি ছিল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? তামিম-সাকিব-মাহমুদুল্লাহদের নিয়ে যদি সব আলোচনায় জায়গা হয়, তাহলে সালমা-রুমানা-জাহানারাদের নিয়ে কেন নয়? কবে আমরা নারী-পুরুষ বৈষম্য দূর করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি।’

অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একটি ছোট পোস্টে লেখেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’ যদিও বিস্তারিত কিছু লেখেননি, তবু তার মন্তব্য থেকে নারী ক্রিকেটারদের অবজ্ঞা নিয়ে অসন্তোষ স্পষ্ট।

নারী ক্রিকেটারদের কোয়াব থেকে উপেক্ষার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক সেলিম শাহেদ বলেন, ‘সবাইকে কমন ইনফরমেশন দেওয়া হয়েছে, যে আসতে চায় সে এসেছে, যে আসেনি সে আসেনি। কাউকে তো জোরাজুরি করা যায় না।’

নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এমন প্রশ্নে সেলিম বলেন, ‘এটা হাবিবুল বাশার সুমন ভালো বলতে পারবেন। নারীদের বিষয়টা আগে উনি দেখতেন। তাদের ব্যাপারে তার সঙ্গে কথা বলতে পারেন। আর যারা সদস্য হতে চায়, তারা নিয়ম মেনে সদস্য হতে পারবে।’

এ বিষয়ে কোয়াবের সাবেক সহসভাপতি হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি সর্বশেষ মিটিংয়ে ছিলাম না। তবে একটা মিটিংয়ে আলোচনা হয়েছিল—কোয়াবে মেয়েদের একটা পদ বরাবরই আছে। তারা ভোট দিতে পারবে, একজন প্রতিনিধিও থাকবে।’

ইত্তেফাক/এনএন