প্রাইভেট কার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৩:৪৯

নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের বামনপাড়া দক্ষিণ রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশের ধারণা, সাইদুর একজন পেশাদার গাড়িচালক। তবে কী কারণে এবং কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিল। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে, গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গাড়ির পাশে রাস্তায় গলা কাটা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাইভেট কারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতেই তাকে হত্যা করা হয়েছে।

ইত্তেফাক/এপি