রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি টিয়ারশেল জাতীয় বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় চারপাশে ধোঁয়া সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে ছোটাছুটি শুরু করে আশপাশের মানুষ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা পলাশ মিয়া বলেন, স্কুল মাঠে হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তেই চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্ক চড়িয়ে পড়ে স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে।
ছড়ান বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বিস্ফোরণের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। সবাই তখন চারদিক ছোটাছুটি শুরু করে। পুলিশ ঘটনাস্থলে আসার পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ জানায় এটি টিয়ারশেলের বিস্ফোরণ।
এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, এ ঘটনার জেরে এলাকায় এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। কেন, কীভাবে এবং কোথা থেকে এই ধরনের বিস্ফোরক এলো তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত এই বিস্ফোরণের রহস্য ও নেপথ্যের কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ছড়ান এলাকায় টিয়ারশেল জাতীয় একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।
