স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-উত্তরবঙ্গ সড়ক অবরোধ তুলে নিয়েছেন। পরে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে মহাসড়কের দুই পাশে যানবাহনে ধীর গতি দেখা গেছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
সড়ক ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, ‘আমরা ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক ছেড়ে দিয়েছি।’
অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার প্রায় নয় বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।
২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা একনেকের নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

