পাথরঘাটায় বিষ মিশ্রিত পানি পান করে হাসপাতালে ভর্তি ৫ শিক্ষার্থী 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৯:৫৬

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বিষ মিশ্রিত পানি পান করে ষষ্ঠ শ্রেণির ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১১ আগস্ট) পৌনে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতী ও সাবিনা। 

জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে শিক্ষার্থী সাবিনা ব্যাগে থাকা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে বিষয়টি সে অন্যদের জানায়। দুর্গন্ধ থাকার বিষয়টি পরীক্ষা করতে এরপর আরও ৪ শিক্ষার্থী সেই পানি পান করে। তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও তীব্র গন্ধ পাওয়া যায়। 

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা হঠাৎ করে ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে দুর্গন্ধ পাচ্ছেন। এরপর আমরা ষষ্ঠ শ্রেণির ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারের দুর্গন্ধ থাকার সত্যতা পাই। তাৎক্ষণিকভাবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাই। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ইউএনও মিজানুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের এক কোণ থেকে বিষ মিশ্রিত একটি বোতল উদ্ধার করা হয়। বোতলটি জব্দ করে তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসা হলে ওয়াশ করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। এরপরও যদি প্রয়োজন হয়, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে রেফার করা হবে।

ইত্তেফাক/এএম