দলের কার্যক্রম ‘জুলাই বিপ্লবের পরিপন্থী’ অভিযোগ করে ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২১:১৪

দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও ‘জুলাই বিপ্লবের নীতি–নৈতিকতার পরিপন্থী’ অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) পদত্যাগ করেছেন। রোববার (১০ আগস্ট) রাতে তিনি জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে রুবেল মিয়া লেখেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি হতাশ ও বিচলিত। এ অবস্থায় দলের সব পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন।

গত ৫ জুন হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর এনসিপির ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন হয়। এতে প্রধান সমন্বয়কারী হন সৈয়দা নীলিমা দোলা।

রুবেলের পদত্যাগ প্রসঙ্গে নীলিমা দোলা বলেন, নতুন দলে নানা টানাপোড়েন ও সীমাবদ্ধতা থাকে। অনেকের আকাঙ্ক্ষা তাৎক্ষণিক পূরণ না হওয়ায় হতাশা তৈরি হয়, রুবেল হয়তো সেই পরিস্থিতিতে পড়েছেন।

ইত্তেফাক/এএম