ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ ১৫৭ জন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন।

সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

কোন হলে কত ভোটার
ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৪১ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন।

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন, কবি জসীমউদ্‌দীন হলে ১ হাজার ৩০৩ জন, জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৪৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, সূর্য সেন হলে ১ হাজার ৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন।

এর আগে গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ৩৯ হাজার ৯৩২ জন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম বাদ দেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস